বড় অংকের লোকসানের সম্মুখীন ওপেনএআই

৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১৫:৩৭  

কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ওপেনআই চলতি বছর ৩৭৯ কোটি ডলার আয় করতে পারে। এই বিশাল অংকের আয় হলেও বড় অংকের লোকসান হতে পারে কোম্পানিটির। এক পূর্বাভাসে জানা গেছে, কোম্পানিটি এবছর ৫০০ কোটি ডলার লোকসানের সম্মুখীন হতে পারে। খবর সিএনবিসি।

খবরে বলা হয়, ওপেনএআই গত মাসে ৩০ কোটি ডলার আয় করেছে, যা গত বছরের জানুয়ারির তুলনায় ১ হাজার ৭০০ শতাংশ বেশি। আগামী বছর কোম্পানিটি ১ হাজার ১৬০ কোটি ডলারের পরিষেবা বিক্রির আশা করছে।

বর্তমানে নতুন বিনিয়োগ খুঁজছে ওপেনআই। আশা করা হচ্ছে, এতে কোম্পানির বাজার মূল্য দাঁড়াবে ১৫ হাজার কোটি ডলার। এ দফায় বিনিয়োগে নেতৃত্ব দিচ্ছে থ্রাইভ ক্যাপিটাল, তারা ১০০ কোটি ডলার লগ্নির পরিকল্পনা করছে। আরেক বিনিয়োগ সংস্থা টাইগার গ্লোবালও এতে যুক্ত হতে চাইছে।

ডিবিটেক/বিএমটি